রবিবারও ৬০ কিমি বেগে ঝড় দক্ষিণের সাত জেলায়! সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও, কোথায় কবে কী পূর্বাভাস
বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে।দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি চলতে পারে আরও অন্তত দু’দিন। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কলকাতা-সহ অনেক জায়গায় বৃষ্টি কমে এসেছে। ফের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলে বাড়তে চলেছে গরমরবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এ ছাড়া, বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদেও। এই জেলাগুলিতে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে সোমবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
