নিগম এখনও কেন স্বাস্থ্যসচিব? আরজি করে শুভেন্দুর সামনেই প্রশ্ন তুললেন নির্যাতিতার মা, কী ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী

0

আরজি কর আন্দোলনের পর্বে বার বার স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের দিকে আঙুল তোলা হয়েছিল। সরকার পরিবর্তনের পরেও তিনি ওই পদে রয়ে গিয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ-খুন পরবর্তী ঘটনাবলিতে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। ওই হাসপাতালে শুক্রবার এবিভিপি-র চিকিৎসক সংগঠনের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সামনে দাঁড়িয়েই নিগমের বিরুদ্ধে সরাসরি কিছু অভিযোগ আনেন রত্না। কেন এখনও তিনি স্বাস্থ্যসচিব পদে রয়ে গিয়েছেন, সেই প্রশ্নও তোলা হয়েছে।

আরজি করে ধর্ষণ-খুন কাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে একাধিক ব্যক্তি জড়িত বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন গড়ে উঠেছিল, তাতে বার বার স্বাস্থ্যসচিবের দিকে আঙুল তোলা হয়েছিল। তাঁর পদত্যাগ দাবি করা হয়েছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হলেও নিগম এখনও স্বাস্থ্যসচিব পদেই রয়ে গিয়েছেন। নির্যাতিতার মায়ের অভিযোগ, যেখান থেকে তাঁর মেয়ের দেহ উদ্ধার করা হয়, সেই সেমিনার হল সংলগ্ন শৌচাগারটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন খোদ নিগমই। তাঁর অভিযোগ শুনে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যদি নিগম সত্যিই ওই নির্দেশ দিয়ে থাকেন, তাঁকে সরিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed