ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়! এ বার মাস্টারদা সূর্য সেন স্টেশনে, প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক ব্লু লাইনে পুরোপথে পরিষেবা

0

মঙ্গলবার সন্ধ্যায় ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর। তার জেরে ব্যস্ত সময়ে ব্যাহত পরিষেবা।পর পর দু’দিন। মঙ্গলবার কলকাতা মেট্রোয় আবার লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। সন্ধ্যায় ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর। তার জেরে ব্যস্ত সময়ে ব্যাহত হয় পরিষেবা। প্রায় এক ঘণ্টা পর আবার ব্লু লাইনে পুরোপথে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।

মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিট নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক ব্যক্তি আচমকাই দক্ষিণেশ্বরগামী ট্রেনের সামনে ঝাঁপ দেন। বিষয়টি নজর আসতেই দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক। উদ্ধারকাজের জন্য লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

আত্মহত্যার চেষ্টার ঘটনার কারণে ব্যাহত হয় পরিষেবা। সাময়িক সময়ের জন্য টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল। পরিষেবা ব্যাহত হওয়ায় অগত্যা অনেক অফিসফেরত যাত্রী পাতালপথ ছেড়ে সড়কপথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা করছেন।

সোমবারও এক যাত্রীর আত্মহত্যার চেষ্টার কারণে ব্লু লাইনে ব্যাহত হয়েছিল পরিষেবা। বিকেলে রবীন্দ্র সরোবর স্টেশনে ঘটনাটি ঘটেছিল। তার জেরে এক ঘণ্টার বেশি সময় পরিষেবা ব্যাহত ছিল। মঙ্গলবার একই ঘটনা ঘটল। তার ফলে আবার মেট্রোয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন যাত্রীরা।কলকাতা মেট্রোর ব্লু লাইনে হামেশাই আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। বার বার তার জন্য পরিষেবা ব্যাহত হয়। ব্লু লাইনের স্টেশনগুলিতে মেট্রোর লাইনের পাশে কোনও রকম পাঁচিল নেই। ফলে লাইন অসুরক্ষিত। পরবর্তী সময়ে কলকাতায় মেট্রোর যত নতুন রুট তৈরি হয়েছে, সর্বত্র পাঁচিল তৈরি করে লাইন সুরক্ষিত করা হয়েছে। কিন্তু প্রাচীনতম রুট হওয়ায় ব্লু লাইনে তা করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *