‘৬০ হাজার নাম বাদ দিচ্ছে ভবানীপুরে, তবু এক ভোটে হলেও জিতব’! কমিশন এবং বিজেপি-কে চ্যালেঞ্জ মমতার
এসআইআরে ৬০ হাজার ভোট বাদ দেওয়া হচ্ছে ভবানীপুর বিধানসভায়। এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হোলি ও দোল উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতা করেন মুখ্যমন্ত্রী।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-তে ৬০ হাজার ভোট বাদ দেওয়া হচ্ছে ভবানীপুর বিধানসভায়। এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হোলি ও দোল উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতা করেন তিনি। এই বক্তৃতায় নির্বাচন কমিশন ও কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, ‘‘আমি শক্ড, এরা অমানবিক, ভিনডিকটিভ কাজ করছে। ভীরু মানুষ পিছন থেকে লড়াই করে। ওরা জেনেশুনে নাম কেটেছে। আমার ভবানীপুর বিধানসভা ছোট একটি কেন্দ্র। আমার কেন্দ্র থেকে ৬০ হাজার ভোট কাটা হচ্ছে। কিন্তু তার পরও আমি বলছি, আমি ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব।’’ তিনি আরও বলেন, ‘‘আমার বিশ্বাস আছে ভগবানে, বিশ্বাস আছে মায়ের উপর, বিশ্বাস আছে হিন্দু, মুসলিম, বৌদ্ধদের প্রতি। আমি ধরনায় বসব, আমায় মরাল সাপোর্ট দেবেন।’’

