শুভেন্দুর মনোনয়ন জমায় সঙ্গী থাকলেন শাহ, দিলেন ভবানীপুরে বিধায়ক বদলের ডাক, রোড শো ঘিরে ছড়াল উত্তেজনাও
ভবানীপুর আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিয়ে সার্ভে বিল্ডিং থেকে বেরোলেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বেরিয়ে গিয়েছেন সার্ভে বিল্ডিং থেকে। কলকাতার পরে অসমে কর্মসূচি রয়েছে শাহের। সার্ভে বিল্ডিং থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর হয়ে অসমের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
সার্ভে বিল্ডিংয়ের কাছে জড়ো হওয়া তৃণমূল কর্মী-সমর্থকেরা আচমকা হামলা চালান বলে অভিযোগ বিজেপির। তাতে জখম হন এক বিজেপি কর্মী। তাঁর চোখে আঘাত লেগেছে। সার্ভে বিল্ডিংয়ের সামনেই পড়ে গিয়েছেন ওই বিজেপি কর্মী।
সার্ভে বিল্ডিং থেকে বেরোলেন অমিত শাহ। কলকাতা থেকে অসমে যাবেন তিনি। সেখানে তাঁর পরবর্তী কর্মসূচি রয়েছে। সার্ভে বিল্ডিংয়ের গেটের সামনেও তৃণমূলের ১০-১৫ জন কর্মী-সমর্থক দলীয় পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন। সেখানেও চলে স্লোগান এবং পাল্টা স্লোগান।
শাহের গাড়ি চলে যেতেই তৃণমূলের জমায়েতের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা। মাঝখানে মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরা। পুলিশের সঙ্গে বিজেপির ধস্তাধস্তি চলে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির মুখেই।
নিরাপত্তা সংস্থা মমতার বাড়ির গলির সামনে দিয়ে শাহকে আর ট্রাকে চেপে যেতে দেয়নি। গাড়িতে করেই সার্ভে বিল্ডিং গেলেন তিনি। রোড শো আগের মতোই রাস্তা দিয়ে এগোচ্ছে।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনের গলির কাছে রোড শো পৌঁছোতেই উত্তেজনা ছড়ায়। তৃণমূলের কর্মী-সমর্থকেরা মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাঁদের সঙ্গে বচসা, তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকেরাও। পুলিশ গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
